
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ খেতাবে ভূষিত আহমেদ উস সামাদ চৌধুরী জেপির জীবনীমূলক গ্রন্থ ‘এ ম্যান অফ অ্যাকশন’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১৬ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে ১৯ মে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চ্যানেল এস-এর বোর্ড রুমে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে এবং উপ-কমিটির সকলকে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সভার শুরুতে চ্যানেল এস ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান।
প্রস্তুতি সভায় উপ-কমিটির সদস্যরা উল্লেখ করেন যে, আহমেদ উস সামাদ চৌধুরী গত ৫০ বছর ধরে বিলেতে বাঙালি কমিউনিটির বিভিন্ন অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে পথ চলছেন। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল শাহজালাল জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা ও দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। শুধু যুক্তরাজ্যেই নয়, একই সাথে বাংলাদেশে নিজের পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী মসজিদ ও বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট, সিলেট কিডনি ফাউন্ডেশন হসপিটাল এবং সিলেট লিভার ফাউন্ডেশনের মতো বহু প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত থেকে অতুলনীয় অবদান রেখে যাচ্ছেন। প্রকাশনা অনুষ্ঠানে বিলেতে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার এই গৌরবোজ্জ্বল কর্মময় জীবনের বিবরণ তুলে ধরা অত্যন্ত প্রয়োজন বলে সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রকাশনা অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের নিয়ে সাজানো হবে। বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ-তরুণী এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এ লক্ষ্যে এবং অনুষ্ঠানে মিডিয়া সংক্রান্ত বিশেষ সহযোগিতার জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, বর্তমান প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ক্যারিয়ার অ্যাডভাইজার মুহি মিকদাদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে একই সাথে বাংলা ও ইংরেজি—এই দুই ভাষায় উপস্থাপনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া আহমেদ উস সামাদ চৌধুরীর এই জীবনীগ্রন্থের একটি বাংলা সংস্করণ আগামীতে বাংলাদেশ থেকে প্রকাশিত হবে এবং সেখানে একটি অনাড়ম্বর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে, যার অনুবাদ ও রূপান্তরের দায়িত্বে আছেন বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তিকার তৌহিদ শাকিল।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বইয়ের সংক্ষিপ্ত ভূমিকা তুলে ধরেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল এবং চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও বইটির অনুবাদক তৌহিদ শাকিল। এরপর অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান ও খোলামেলা মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য ও পরামর্শ প্রদান করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, বর্তমান প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হোসেন, বিশিষ্ট গবেষক ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, চ্যানেল এস-এর নিউজ এডিটর ও সিনিয়র প্রেজেন্টার রুপি আমিন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, সিনিয়র নিউজ রিপোর্টার ও শো প্রেজেন্টার রেজাউল করিম মৃধা, নতুনদিন অনলাইন পোর্টালের এডিটর পলি রহমান, কবি হাফসা ইসলাম, ক্যারিয়ার অ্যাডভাইজার মুহি মিকদাদ এবং সমাজকর্মী মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় আপডেট এবং পরবর্তী বিস্তারিত তথ্য নিয়মিত ‘A Man of Action Book Launching Programme’ নামক অফিশিয়াল গ্রুপে সবাইকে জানানো হবে।
প্রকাশনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিশিষ্টজনদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন: মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, তৌহিদ শাকিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হোসেন, বিশিষ্ট গবেষক ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী কারল, চ্যানেল এস-এর নিউজ এডিটর ও সিনিয়র প্রেজেন্টার রুপি আমিন, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, দর্পণ সম্পাদক রহমত আলী, এলবি টোয়েন্টিফোর-এর ফাউন্ডার শাহ ইউসুফ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সিনিয়র নিউজ রিপোর্টার ও মৃধা শো প্রেজেন্টার রেজাউল করিম মৃধা, নতুনদিন অনলাইন পোর্টালের সম্পাদক পলি রহমান, কবি হাফসা ইসলাম, ক্যারিয়ার অ্যাডভাইজার মুহি মিকদাদ এবং সমাজকর্মী মো. আলাউদ্দিন।










