মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি নিয়মিত অফিস সময় অনুসরণ না করে নিজের সুবিধামতো কর্মস্থলে আসা-যাওয়া করেন, ফলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত সরকার আমলে প্রায় ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর বিভিন্ন তদবিরের মাধ্যমে পুনরায় ওই কর্মস্থলে যোগদান করেন।
এদিকে অভিযোগকারীরা জানান, প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে টানা ১০ কার্যদিবস পর্যবেক্ষণ করা হয়েছে। একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করার পর বিষয়টির ভিডিওচিত্রও ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চপর্যায়ের কিছু প্রভাবশালী মহলের সমর্থন থাকায় তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন। এবিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য উপজেলা নির্বাহী অফিসারের মুঠো ফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তিনি ফোন কল রিসিভ করেন নি।
এ বিষয়ে সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।












