মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতের নির্দেশমতে শ্রীমঙ্গল শহরতলীর কলেজ রোডে ১২ শতক জমিসহ ৩ তিন তলা বিশিষ্ট বাড়ির নিলাম ক্রেতা মো. আকরাম হোসেনকে দখল বুঝিয়ে দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. মুহিবুল্লাহ আকন এবং অর্থঋণ আদালতের নাজির। এ সময় সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে বিজ্ঞ অর্থঋণ আদালতের ২৮১ নং সমস্মারকের নির্দেশনার প্রেক্ষিতে এ দখল প্রদান কার্য সম্পাদন করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহমেদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান আলম।
মৌলভীবাজারে অর্থঋণ আদালতের নির্দেশে ১২ শতক জমি দখল প্রদান—
মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দায়ের করা অর্থজারি মামলা (নম্বর ৩০/২০২১)–এর নালিশা ভূমিতে দখলদেহী প্রদান কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বিজ্ঞ অর্থঋণ আদালতের ১১ নভেম্বর ২০২৫ তারিখের ২৮১ নং সমস্মারকের প্রেক্ষিতে দখল প্রদান কার্য সম্পাদন নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকনকে দায়িত্ব দেওয়া হয়।
সম্পত্তির অবস্থান ও বিবরণ:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া টাউন এলাকায় অবস্থিত মোট ১২ শতক বাসাবাড়ী রকম ভূমি এবং তদুপরিস্থিত স্থাপনাদি এ দখল প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সম্পত্তিটি এস.এ. ও আর.এস. খতিয়ান ও দাগভুক্ত হিসেবে উল্লিখিত রয়েছে। উত্তরে এস.এ. দাগ ৩১৪৮, দক্ষিণে ৩১৫০, পূর্বে ৩১৫১ ও পশ্চিমে রাস্তাসংলগ্ন এ জমির মালিকানা ও দখল সংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়:
দখল কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন পুলিশ সুপারকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এনএসআই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/রাজস্ব /শিক্ষা ও আইসিটি /উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, শ্রীমঙ্গলের ইউএনও, শ্রীমঙ্গল থানার ওসি, এসিল্যান্ড (ভূমি)সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে আদেশের অনুলিপি প্রেরণ করা হয়েছে।
অফিস আদেশটি স্বাক্ষর করেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।
নীলাম–ডিক্রি কার্যকর ও দখল হস্তান্তর নির্দেশ
এর আগে মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতের আদেশে অর্থজারী মামলা নং ৩০/২০২১ (মোকদ্দমা নং ৪৯/২০১৮)–এর ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে বেলিফের প্রতি দখল প্রদান সংক্রান্ত পরওয়ানা জারি করা হয়।
মামলার ডিক্রিদার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কর্তৃক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মামলার ২ নং ক্রমিকভুক্ত তপশীলের সম্পত্তি বিক্রয় অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ২৫ মে তারিখে অনুষ্ঠিত উক্ত নিলামে মো. আকরাম হোসেন, পিতা মো. রিয়াজ উল্লাহ, সাকিন: টিকরিয়া, আশিদ্রোন, শ্রীমঙ্গল—এক কোটি বায়ান্ন লক্ষ টাকা (১,৫২,০০,০০০/-) মূল্যে সম্পত্তিটি ক্রয় করেন।
আদালত নিলাম বিক্রয় অনুমোদন করে ২০ অক্টোবর ২০২৫ তারিখে ক্রেতার অনুকূলে নিলাম বিক্রয়ের সনদ (সার্টিফিকেট) রেজিস্ট্রি সম্পন্ন হয়, যার মাধ্যমে ক্রেতা সম্পত্তির ওপর পূর্ণ মালিকানা অধিকার অর্জন করেন।
আদালতের নির্দেশ
আদেশে বলা হয়েছে, আদালত–নির্ধারিত বেলিফ সংশ্লিষ্ট তপশীলভুক্ত সম্পত্তির উপর দায়িকদের দখল রহিত করে বহিষ্কার করবে এবং নিলাম ক্রেতাকে খাস দখল প্রদান করবে। দায়িক বা ডিক্রি দ্বারা বাধ্য অন্য কোনো ব্যক্তি দখল না ছাড়লে তাদের উচ্ছেদ করে দখল হস্তান্তরের ক্ষমতাও বেলিফকে প্রদান করা হয়েছে।
তপশীলভুক্ত সম্পত্তি
জেলা: মৌলভীবাজার, উপজেলা: শ্রীমঙ্গল, মৌজা: ভাড়াউড়া টাউন এলাকা, এসএ খতিয়ান: ৮৪২, আরএস খতিয়ান: ১৮৬৮, দাগ: আরএস ৭৬২২, রকম: বাড়ি, পরিমাণ: ১২ শতক ভূমি ও তদুপরিস্থিত স্থাপনা।
সীমা:
উত্তর—এসএ দাগ ৩১৪৮, দক্ষিণ—এসএ দাগ ৩১৫০, পূর্ব—এসএ দাগ ৩১৫১, পশ্চিম—রাস্তা।
আদালতের জারি করা পরওয়ানা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় উক্ত সম্পত্তি নিলাম ক্রেতার নিকট দখল হস্তান্তর সম্পন্ন হয়।
বাপ্পী দেব 










